দি হাঙ্গার প্রজেক্ট এর অনুপ্রেরণায় নরসিংদী সদর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর আয়োজনে এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র সহায়তায় আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) নরসিংদী প্রেসিডেন্সি কলেজ ‘সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে রাজনৈতিক, ধর্মীয়, জাতীয় সম্প্রীতি, শান্তি ও সহাবস্থান বিষয়ে বহুনির্বাচনী প্রশ্নের ওপর তাৎক্ষণিক একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দশজনকে (১০জন) পুরস্কৃত করা হয়। পিস অ্যাম্বাসেডর মো. শহীদুল্লাহ খন্দকারের সভাপতিত্বে এবং পিএফজি কোঅর্ডিনেটর সাংবাদিক নেতা হলধর দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা, জেন্ডার এন্ড ইয়ুথ অ্যাম্পাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজির পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা জুপি, অন্যতম সদস্য মুশতাক আহমেদ ভুঁইয়া, দেলোওয়ার হোসেন ভুঁইয়া, ওয়াইপিএজি’র কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম সানিসহ কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও অধ্যাপকবৃন্দ।
বক্তারা বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই ধরনের সম্প্রীতি অলিম্পিয়াড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা জরুরি। আজকের অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী প্রশ্নোত্তরের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি, সহাবস্থান বিষয়ে যে শিক্ষা অর্জন করেছে আশা করা যায় জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা তা প্রয়োগ ঘটাবে। শান্তি, সম্প্রীতি, সহাবস্থান ছাড়া কোনো জাতি সামগ্রিকভাবে উন্নয়ন ঘটাতে পারে না বলে বক্তারা মত প্রকাশ করেন। সমাবেশের শেষ পর্যায়ে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।