নরসিংদী প্রতিনিধি:নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, হয়রানি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন লিমু আক্তার নামে এক নারী।
বৃহস্পতিবার দুপুর ১টায় নরসিংদীর শহরের হাসান টাওয়ার, শাপলা চত্বরের হাসান টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
লিমু আক্তারের অভিযোগ, প্রায় ১০ বছর আগে কাউছার হামিদের সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক তার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সাবেক স্বামী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন।
দীর্ঘদিনের দাম্পত্য কলহ ও নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার মাস আগে তিনি স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর সাবেক স্বামী লিমু আক্তার , তার মা ও তার ভাইয়ের বিরুদ্ধে ৬ টি মিথ্যা মামলা দায়ের করেন এবং ওই মামলায় লিমু ও তার ভাইকে জেল খাটতে হয়েছে ।
লিমু আক্তারের দাবি, লিমু ও তার ভাই জামিনে কারাগার থেকে বের হওয়ার পর তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার সাবেক স্বামী কাউছার কয়েকটি ফেক আইডি থেকে সাবেক স্বামীর কাছে থাকা তাদের অন্তরঙ্গ মুহূর্তের আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ব্লাকমেইল করে আসছে।
তাছাড়া ০১৭১৬৬৪২৭৭১ নম্বর থেকে বারবার ফোন করে দেখা করতে চাপ দেওয়া এবং দেখা না করলে লোকজন দিয়ে তাকে নরসিংদী থেকে তুলে নিয়ে যাওয়ার পাশাপাশি সুযোগ পেলে কুপিয়ে হত্যার হুমকি দিয়ে আসছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিমু আক্তার নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাউছার হামিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই পূর্বক পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।